স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
যশোরে স্ত্রী হত্যার দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার যশোরের বিশেষ জজ আদালতের বিচারক নিতাই চন্দ্র সাহা এ রায় দেন।
ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত হেলাল উদ্দিনের (৪০) বাড়ি বগুড়া সদর উপজেলার শিকারপুর গ্রামে। তাঁর বাবার নাম ইদ্রিস আলী। আদালত থেকে জামিন নিয়ে হেলাল উদ্দিন পলাতক থাকায় আদালত তাঁর অনুপস্থিতে এই রায় দেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, হেলাল উদ্দিন যশোর শহরের বারান্দিপাড়া এলাকায় একটি আসবাবপত্রের দোকানে কাজ করতেন। তিনি দুই স্ত্রীকে নিয়ে বারান্দিপাড়ার খালধার এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন। পারিবারিক কলহের কারণে ২০০১ সালের ১৪ জুন রাতে হেলাল তাঁর দ্বিতীয় স্ত্রী রুপালিকে শ্বাসরোধে হত্যা করেন। হত্যার পর লাশ সেফটিক ট্যাংকে লুকিয়ে রাখেন। পরদিন সকালে তিনি স্ত্রীকে হত্যার কথা তাঁর দোকান-মালিক শফিকুল ইসলামের কাছে স্বীকার করেন। পরে শফিকুল ইসলাম হেলালকে পুলিশে ধরিয়ে দেন। পুলিশ হেলালের স্বীকারোক্তি অনুযায়ী লাশ উদ্ধার করে। শফিকুল ইসলাম বাদী হয়ে যশোর কোতোয়ালি মডেল থানায় একটি হত্যা মামলা করেন। যশোর বিশেষ জেলা জজ আদালতের পিপি এস এম বদরুজ্জামান বলেন, হেলাল আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।