স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
কিশোরগঞ্জে স্ত্রী হত্যার দায়ে রমজান আলী (২৮) নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. শাহজাহান কবির আসামির উপস্থিতিতে এ রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত রমজান আলী ব্রাহ্মণবাড়িয়া জেলার সুলতানপুর গ্রামের মো. সিরাজ মিয়ার ছেলে।
মামলার বিবরণে জানা যায়, কিশোরগঞ্জের ভৈরব উপজেলার শম্ভুপুর এলাকার হোসেন আলীর মেয়ে পারভিন আক্তারকে বিয়ে করেন রমজান আলী। বিয়ের আনুমানিক ছয় মাস পর ২০১৩ সালের ২৫ অক্টোবর রমজান আলী স্ত্রীকে নিয়ে পার্শ্ববর্তী মধ্যচর এলাকায় তাঁর উকিল শ্বশুর মো. জয়নাল মিয়ার বাড়িতে বেড়াতে নিয়ে যান। ২৮ অক্টোবর রাত আটটার দিকে রমজান তাঁর স্ত্রী পারভিনকে সেখানে পাশের এক নির্জন জায়গায় নিয়ে ইট দিয়ে মাথা ও মুখ থেঁতলে নির্মমভাবে হত্যা করেন। পরে পাশের ডোবায় কচুরিপানার নিচে পারভিনের লাশ গুম করে রাখেন। এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে ঘটনার দিন রাত ১০টার দিকে পারভিনের বাবা হোসেন আলী ডোবায় পড়ে থাকা লাশ তাঁর মেয়ের বলে শনাক্ত করেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
এ ঘটনায় পরের দিন হোসেন আলী বাদী হয়ে পারভিনের স্বামী রমজান আলী, উকিল শ্বশুর জয়নাল মিয়া ও জয়নালের স্ত্রী ইয়াসমিনকে আসামি করে ভৈরব থানায় মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা ওসি (তদন্ত) মফিজুল ইসলাম ২০১৪ সালের ১৫ মে আদালতে চার্জশিট দাখিল করেন।
মঙ্গলবার রমজানের উপস্থিতিতে আদালত এ রায় ঘোষণা করেন। তবে রায়ে মামলার অপর দুই আসামি রমজানের উকিল শ্বশুর জয়নাল মিয়া ও জয়নালের স্ত্রী ইয়াসমিনকে খালাস দেওয়া হয়েছে। সরকারপক্ষে এপিপি আবু সাঈদ ইমাম এবং আসামিপক্ষে আইনজীবী ক্ষিতীশ দেবনাথ মামলাটি পরিচালনা করেন।