স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

গাজীপুরের বাইমাইল এলাকায় স্ত্রী আনোয়ারা বেগমকে হত্যার দায়ে স্বামী আয়নাল হককে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার সকালে গাজীপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ কে এম এনামুল হক এ রায় ঘোষণা করেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ১০ জানুয়ারি রাতে গাজীপুর সিটি করপোরেশনের বাইমাইল এলাকার নিজ বাড়ি থেকে আনোয়ারা বেগমের দগ্ধ মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আনোয়ারার ভাই আমজাদ হোসেন ওরফে আঞ্জু ও স্বামী আয়নাল হককে আটক করে। পরে তাদের দুজনের কথার মধ্যে গরমিল পাওয়া গেলে কোনাবাড়ী পুলিশ ক্যাম্পের সহকারী উপপরিদর্শক (এএসআই) রফিকুল ইসলাম বাদী হয়ে এই দুজনের নাম উল্লেখ করে জয়দেবপুর থানায় মামলা করেন।
মামলাটি প্রথমে তদন্ত করেন জয়দেবপুর থানার এসআই সৈয়দ মো. আজহারুল ইসলাম। দীর্ঘ তদন্তের পর মামলাটি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তদন্ত করে। সেখান থেকে অধিকতর তদন্তের জন্য মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) পাঠানো হয়।
পিবিআইয়ের পরিদর্শক মো. ওবায়দুর রহমান খান তদন্ত শেষে নিহত আনোয়ারার ভাই আমজাদকে মামলা থেকে অব্যাহতি দিয়ে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। চলতি বছরের ১৫ অক্টোবর এ মামলায় আয়নাল হকের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন হারিছ উদ্দিন আহম্মদ এবং আসামি পক্ষে ছিলেন আবদুস সোবহান, জেবুন্নেছা মিনা ও মোহাম্মদ আলী তারেক বুলবুল।
গাজীপুর আদালতের পুলিশ পরিদর্শক রবিউল ইসলাম বলেন, রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি আয়নাল হক আদালতে উপস্থিত ছিলেন। রায়ের পর তাঁকে গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।