স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

যৌতুক না পেয়ে ক্ষিপ্ত হয়ে স্ত্রী রেহানা আক্তারকে গলাটিপে শ্বাসরোধে হত্যার দায়ে আদালত স্বামী মো. মোর্তুজা ওরফে মিন্টুকে মৃত্যুদণ্ড দিয়েছেন। একই সঙ্গে তাঁকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদ এ রায় ঘোষণা করেন। মোর্তুজা এ সময় আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। মোর্তুজার বাড়ি ফেনী সদর উপজেলার ছনুয়া ইউনিয়নের দমদমা গ্রামে।
সরকারি কৌঁসুলি ফরিদ আহম্মদ হাজারী বলেন, ২০০৯ সালে আসামি মো. মোর্তুজা ওরফে মিন্টুর সঙ্গে ছাগলনাইয়া উপজেলার কৈয়ারা গ্রামের মকবুল আহম্মদের মেয়ে রেহানা আক্তারের বিয়ে হয়। তাঁদের দুটি সন্তানও আছে। বিয়ের পর থেকে বিভিন্ন সময় মোর্তুজা তাঁর স্ত্রীকে যৌতুকের জন্য চাপ দিতেন। শ্বশুর পক্ষও বিভিন্ন সময় সাধ্যমতো তাঁর দাবি মেঠাত। ২০১৬ সালের ১৩ জানুয়ারি আবারও এক লাখ টাকা যৌতুকের জন্য স্ত্রীকে চাপ দেন তিনি। এতে স্ত্রী রেহানা রাজি না হলে ওই দিন বিকেলে স্বামী মোর্তুজা ক্ষিপ্ত হয়ে স্ত্রীকে মারধর করেন। একপর্যায়ে স্ত্রীকে গলাটিপে শ্বাসরোধে হত্যার চেষ্টা করেন। বাড়ির লোকজন টের পেয়ে রেহানাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে ভর্তি করেন। রাত সাড়ে ১০টার দিকে রেহানা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় রেহানার বাবা মকবুল আহম্মদ বাদী হয়ে ফেনী সদর মডেল থানায় একটি মামলা করেন।