স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্ত্রীকে হত্যার দায়ে চট্টগ্রামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেছেন আদালত। একই ঘটনায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় পাঁচ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মো. রেজাউল করিম এ রায় দেন। মৃত্যুদণ্ড পাওয়া আসামির নাম মোহাম্মদ ইলিয়াস। তিনি চন্দনাইশের বাসিন্দা। এই মামলায় ইলিয়াসের মা নূরবানু, বাবা নূরুল আলম ও তিন বোন আকতার খান, মুন্নী আক্তার ও কানচি আকতারকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ সরকারি কৌঁসুলি (পিপি) চন্দন তালুকদার প্রথম আলোকে বলেন, ২০০৫ সালে চন্দনাইশ উপজেলার বাসিন্দা মিজানুল হকের মেয়ে নূর কলির সঙ্গে মোহাম্মদ ইলিয়াসের বিয়ে হয়। বিয়ের পরই শ্বশুরবাড়ির লোকজন যৌতুকের জন্য কলির ওপর শারীরিক নির্যাতন শুরু করে। এর ধারাবাহিকতায় ২০১০ সালের ৭ এপ্রিল কলিকে গলা টিপে হত্যা করেন তাঁর স্বামী। পরে তাঁর লাশ রশিতে ঝুলিয়ে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করা হয়। এ ঘটনায় দায়ের করা মামলার আসামিদের বিরুদ্ধে ২০১১ সালের ২৮ জুলাই অভিযোগ গঠন করা হয়। পরে ১৩ জনের সাক্ষ্যের ভিত্তিতে আদালত ইলিয়াসকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের আদেশ দেন।