স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার গোবিন্দপুর গ্রামের গৃহবধূ হালিমা খাতুনকে হত্যার দায়ে স্বামী পরশ আলীকে (৫৫) মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার নেত্রকোনার অতিরিক্ত দায়রা জজ মো. আবদুল হামিদ এ রায় দেন।

আদালত সূত্রে জানা গেছে, সাত সন্তানের জননী হালিমা খাতুনের সঙ্গে স্বামী পরশ আলীর প্রায়ই ঝগড়া-বিবাদ লেগে থাকত। পারিবারিক এই কলহের জেরে ২০০৫ সালের ২ নভেম্বর রাত দুইটার দিকে পরশ আলী ঘুমের মধ্যে স্ত্রী হালিমা খাতুনকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেন। ঘটনার পর দিন নিহতের বড় ছেলে মতি মিয়া বাদী হয়ে বাবা পরশ আলীকে আসামি করে কলমাকান্দা থানায় হত্যা মামলা করেন। পুলিশ তদন্ত শেষে ওই বছর ৩১ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করলে আদালত ১১ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আজ এই রায় দেন।

রাষ্ট্রপক্ষের মামলা পরিচালনা করেন অতিরিক্ত সরকারি কৌঁসুলি (পিপি) মো. আজম খান। আসামি পক্ষে ছিলেন সমীর কান্ত সরকার।