স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত সাত মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী কহিনুর বেগমকে (১৯) নির্যাতনের পর হত্যার দায়ে স্বামী বাপ্পি মিয়াকে (৩৭) ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশ ও এক লাখ টাকা জরিমানা করেছেন।
এ ছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত অপর তিন আসামিকে বেকসুর খালাস দিয়েছেন। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত-১-এর বিচারক এস এম ছাইফুল ইসলাম এই রায় দেন।
ফাঁসির দণ্ডপ্রাপ্ত বাপ্পি মিয়া বগুড়া সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের হটিলাপুর গ্রামের বাসিন্দা। রায় ঘোষণার পর আদালত তাঁকে কারাগারে পাঠান। খালাস পাওয়া ব্যক্তিরা হলেন বাপ্পি মিয়ার দুই ভাই টুটুল মিয়া ও পাপ্পু মিয়া এবং ভাবি রানী বেগম।
আদালত ও মামলা সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বগুড়া শহরের জয়পুরপাড়া মহল্লার আবুল হোসেন ফকিরের মেয়ে কহিনুর বেগমের সঙ্গে ১৯৯৯ সালে বাপ্পি মিয়ার বিয়ে হয়। বিয়ের পর যৌতুকের দাবিতে স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ দেখা দেয়। ২০০০ সালের ১৪ জুন রাতে সামান্য অজুহাতে ঝগড়ার একপর্যায়ে সাত মাসের অন্তঃসত্ত্বা কহিনুর বেগমকে শারীরিক নির্যাতনের পর হত্যা করে বাড়ির পাশে ডোবায় লাশ ফেলে রাখা হয়। দুই দিন পর কহিনুরের বাবা আবুল হোসেন বাদী হয়ে বগুড়া সদর থানায় জামাই বাপ্পি মিয়া, তাঁর দুই ভাই ও ভাবির বিরুদ্ধে হত্যা মামলা করেন।