স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটে স্ত্রী হত্যার দায়ে মো. হাবী সরদারকে (৩৫) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার সকালে বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত মো. হাবী সরদার  রামপাল উপজেলার গোলা বেলাই গ্রামের জহির সরদারের ছেলে। নিহত হাসিনা বেগম মংলার রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের একটি সুপারী কারখানার শ্রমিক ছিলেন।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি শেখ মোহাম্মদ আলী বলেন,২০০০ সালে বাগেরহাটের মংলা উপজেলার বুড়িরডাঙ্গা গ্রামের মো. তোরাব আলী মোল্লার মেয়ে হাসিনা বেগমের সঙ্গে পাশের রামপাল উপজেলার গোনা বেলাই গ্রামের জহির সরদারের ছেলে হাবী সরদারের বিয়ে হয়। বিয়ের পর তুচ্ছ বিষয় নিয়ে প্রায়ই তাঁদের মধ্যে ঝগড়া-বিবাদ লেগে থাকত। ২০১৪ সালের ২১ অক্টোবর সকাল সাড়ে আটটার দিকে পারিবারিক কলহের জের ধরে হাবী সরদার স্ত্রী হাসিনা বেগমকে কুপিয়ে ও শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যান। ওই দিনই হাবীকে পুলিশ খুলনা থেকে আটক করে। এ ঘটনায় নিহত হাসিনার বড় ভাই মো. শামসুল মোল্লা বাদী হয়ে হাবী সরদারকে আসামি করে রামপাল থানায় একটি হত্যা মামলা করেন।  পুলিশ ওই বছরের ৩১ ডিসেম্বর হাবী সরদারের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।