স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ে স্ত্রীকে হত্যার দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। জেলা ও দায়রা জজ এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম এ নূর গতকাল সোমবার এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম নিমাই চন্দ্র বর্মণ। মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০০৮ সালের ১৩ আগস্ট দেবীগঞ্জ উপজেলার সোনাহার এলাকার করুণা কান্ত রায়ের মেয়ে সোনালী রানী সম্পার সঙ্গে আটোয়ারী উপজেলার বারো আউলিয়া এলাকার অনীল চন্দ্র বর্মণের ছেলে নিমাই চন্দ্র বর্মণের বিয়ে হয়। বিয়ের পর থেকে দুই লাখ টাকা যৌতুকের দাবিতে সোনালীর ওপর শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হতো।
২০১২ সালের ১২ নভেম্বর শ্বাসরোধ করে সোনালীকে হত্যা করা হয়। তাঁর লাশ আমগাছে ঝুলিয়ে রাখা হয়। এ ঘটনায় সোনালীর বাবা মেয়ের জামাতা, শ্বশুর, শাশুড়ি, ননদসহ ছয়জনকে আসামি করে আটোয়ারী থানায় মামলা করেন। তদন্ত শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা আটোয়ারী থানার উপপরিদর্শক (এসআই) দিলীপ কুমার রায় চারজনকে অভিযুক্ত করে ২০১৩ সালের ২৫ মার্চ আদালতে অভিযোগপত্র দেন।
পিপি আমিনুর রহমান বলেন, অভিযুক্ত চার আসামির উপস্থিতিতে আদালত রায় ঘোষণা করেন। ময়নাতদন্তকারী চিকিৎসক ও তদন্ত কর্মকর্তাসহ ১৩ জনের সাক্ষ্য নেওয়া হয়। নিমাইকে ২৫ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। এ অর্থ আসামির সম্পত্তি থেকে আদায় করে বাদীপক্ষকে দেওয়া হবে। এ ছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত নিমাই চন্দ্রের বাবা অনিল চন্দ্র বর্মণ, মা রোমা বালা ও বোন বিউটি রানীকে খালাস দেন।