স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন
স্ত্রীকে হত্যার দায়ে রতন মিয়া (৩৬) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডসহ পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া হত্যার পর লাশ গুমের দায়ে তাঁকে আরও সাত বছরের সশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। কিশোরগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আ ম মো সাঈদ গতকাল বুধবার এ রায় ঘোষণা করেন।মামলার বিবরণে জানা যায়, ২০১০ সালের ২৬ এপ্রিল রাতে রতন মিয়া তাঁর স্ত্রী তাসলিমাকে নিয়ে ঢাকার উদ্দেশে বাড়ি থেকে রওনা দেন। উপজেলার বালুরচর চাতলবিল এলাকায় তর্কাতকির একপর্যায়ে রতন তাসলিমাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন। হত্যার পরে লাশটি পাশের একটি ধানখেতে লুকিয়ে রেখে তিনি পালিয়ে যান। পরদিন স্থানীয় গ্রাম পুলিশের সদস্য ঝাড়ু মিয়া লাশটি দেখতে পেয়ে কুলিয়ারচর থানায় বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে রতন মিয়ার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। দণ্ড পাওয়া রতন কুলিয়ারচর উপজেলার বড়চর গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে। বর্তমানে তিনি জেলা কারাগারে আটক আছেন। উভয় সাজা একসঙ্গে কার্যকর হবে বলে আদালত সূত্রে জানা গেছে।