স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন
চাঁদপুরে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী সালমা বেগমকে শ্বাসরোধ করে হত্যার দায়ে স্বামী মো. মাসুদকে (২৮) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত।
আজ বুধবার দুপুরে চাঁদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মামুনুর রশিদ এই রায় দেন। দণ্ডপ্রাপ্ত মাসুদের বাড়ি চাঁদপুর সদর উপজেলার বড় শাহতলী এলাকায়। রায় শেষে মাসুদকে চাঁদপুর জেলহাজতে পাঠানো হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০০৯ সালের ২৬ অক্টোবর চাঁদপুর সদর উপজেলার শাহতলী এলাকায় মাসুদ তাঁর শ্বশুর মোশারফ হোসেনকে একটি রিকশা কিনে দেওয়ার জন্য চাপ দেন। এতে মোশারফ হোসেন অপারগতা জানালে মাসুদ ক্ষিপ্ত হয়ে ২৮ অক্টোবর রাত দুইটার দিকে স্ত্রী সালমা বেগমকে গলাটিপে হত্যা করেন।
হত্যার ঘটনায় সালমা বেগমের মা মরিয়ম বেগম বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় মাসুদকে আসামি করে হত্যা মামলা করেন। তদন্ত শেষে ওই বছরের ৩ ডিসেম্বর পুলিশ আদালতে চার্জশিট দেয়। আসামি মাসুদ চাঁদপুরের বিচারিক হাকিম মো. আব্দুর রহমানের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। ১৭ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আজ এই মামলার রায় দেওয়া হয়।