স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরের গাংনী উপজেলার মহাম্মদপুর গ্রামে স্ত্রী সাগরিকা খাতুনকে হত্যার দায়ে স্বামী রফিকুল ইসলামকে (৩৫) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
গতকাল সোমবার দুপুর ১২টার দিকে মেহেরপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ টি এম মুসা এ আদেশ দেন। দণ্ডাদেশপ্রাপ্ত রফিকুল ইসলাম গাংনী উপজেলার মহাম্মদপুর গ্রামের চান মিয়ার ছেলে।
মামলার বিবরণে জানা গেছে, ২০০৬ সালের ২১ জুন সকালে রফিকুল ইসলাম ধূমপান করছিলেন। এ সময় তাঁর স্ত্রী সাগরিকা খাতুন তাঁকে ধূমপান করতে নিষেধ করেন। এ ঘটনায় বাগ্বিতণ্ডার একপর্যায়ে রফিকুল ইসলাম ক্ষুব্ধ হয়ে ঘর থেকে মাংস কাটা অস্ত্র (চাপাতি) দিয়ে তাঁর স্ত্রীর গলায় কোপ মারেন। এতে স্ত্রীর শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হলে ঘটনাস্থলেই তিন মারা যান। ওই দিনই সাগরিকার ভাই জাহাঙ্গীর আলম বাদী হয়ে গাংনী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
পরে প্রাথমিক তদন্ত শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আবদুস সাত্তার আদালতে অভিযোগ দাখিল করেন। মামলায় ২০ জন সাক্ষী সাক্ষ্য দেন। রফিকুল ইসলামের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
মামলায় রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পিপি কাজী শহিদুল হক এবং আসামিপক্ষে খন্দকার আবদুল মতিন আইনজীবীর দায়িত্ব পালন করেন।