স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন
স্ত্রী হত্যার দায়ে মাসুদুর রহমান (৩০) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনাল। গতকাল মঙ্গলবার ট্রাইব্যুনালের বিচারক গোলাম আহমেদ খলিলুর রহমান এ রায় ঘোষণা করেন।
দণ্ড পাওয়া মাসুদুর রহমান পাবনার ঈশ্বরদী উপজেলার মহাদেবপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে। এ মামলায় অপর এক আসামিকে খালাস দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় গতকাল আসামিরা আদালতে ছিলেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী এন্তাজুল হক জানান, ২০১০ সালে ঠাকুরগাঁও সদর থানার খোচাবাড়ী এলাকায় আলুর খেত থেকে মাসুদুর রহমানের স্ত্রী জোহরা খানমের (২৫) লাশ পাওয়া যায়। ওই দিন ঠাকুরগাঁও থানা পুলিশ বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। তদন্ত শেষে মাসুদুর রহমান ও তাঁর সহকর্মী নাজমুন নাহারের (২৯) বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। তাঁরা দুজনই একটি বেসরকারি উন্নয়ন সংস্থায় (এনজিও) চাকরি করতেন। নাজমুন নাহারের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাঁকে খালাস দিয়েছেন।