স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন
সিলেটের দক্ষিণ সুরমায় স্ত্রী হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. আকবর হোসেন মৃধা গত রোববার সন্ধ্যার পর এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত আসামি হলেন জাকির হোসেন ওরফে জাহির উদ্দিন (৩৫)। তাঁর বাড়ি গোলাপগঞ্জ থানার কৈলাশটিলা এলাকার মুকিতলা গ্রামে।
আদালতের বিশেষ সরকারি কৌঁসুলি মফুরর আলী জানান, যাবজ্জীবন কারাদণ্ড ছাড়াও আসামিকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০০৬ সালের ৯ ডিসেম্বর দক্ষিণ সুরমা উপজেলার তেতলী ইউনিয়নের ধোপাঘাট কলোনির ৭ নম্বর কক্ষে জাকির হোসেন স্ত্রী বৃষ্টি বেগমকে (৩০) মারপিট করে শ্বাসরোধে হত্যা করেন। পরে জাকির ঘরের দরজা বাইরে থেকে তালা দিয়ে পালিয়ে যান। খবর পেয়ে দক্ষিণ সুরমা থানা-পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে বৃষ্টির লাশ উদ্ধার করে। এ ঘটনায় কলোনির মালিকের ভাই ফরজান আলী বাদী হয়ে জাকির হোসেনকে আসামি করে দক্ষিণ সুরমা থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে ২০০৭ সালের ১৭ সেপ্টেম্বর জাকিরকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। ১১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় দেন।