স্ত্রী হত্যার দায়ে স্বামীর সাজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্ত্রী হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত। গতকাল মঙ্গলবার চট্টগ্রামের বিশেষ জজ আদালতের বিচারক মো. মমিন উল্লাহ এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত আসামির নাম মফিজ উদ্দিন। তিনি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ এলাকার বাসিন্দা। মফিজ পেশায় রাজমিস্ত্রি। রায় ঘোষণার পর তাঁকে কারাগারে পাঠানো হয়। রাষ্ট্রপক্ষের বিশেষ কৌঁসুলি মো. জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, মফিজের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২ ও ৩৪ ধারায় আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। পাশাপাশি ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও দুই বছর কারাদণ্ডের আদেশ দিয়েছেন।আদালত সূত্র জানায়, ২০০৬ সালের ২৩ ডিসেম্বর হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ এলাকার ভাড়া বাসায় পারিবারিক কলহের জের ধরে মফিজ তাঁর স্ত্রী নারগিস আক্তারকে শ্বাসরোধে হত্যা করেন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে তিনজনকে আসামি করে মামলা করে। মামলার অন্য দুই আসামি মফিজের প্রতিবেশী ও শ্যালিকা হালিমা বেগম এবং হালিমার স্বামী আবদুল হালিম। আদালত এই দুজনকে বেকসুর খালাস দিয়েছেন।এ ঘটনায় তদন্ত শেষে পুলিশ ২০০৮ সালের ৭ জানুয়ারি অভিযোগপত্র দেয়। এরপর ২০০৯ সালে মামলার কার্যক্রম শুরু হয়। ১১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত গতকাল মঙ্গলবার এই রায় দেন।