স্ত্রী হত্যার দায়ে স্বামীর ১০ বছর কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকাকে হত্যার ঘটনায় করা মামলার রায়ে তাঁর স্বামী আতিফ আমির হককে ১০ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক শাহেদ নুরুদ্দিন এ আদেশ দেন।
ওই শিক্ষিকার নাম তাসনিম হোসেন তৃণা। তিনি শান্ত মারিয়াম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ছিলেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৩ সালের ৬ আগস্ট রাজধানীর উত্তরা পশ্চিম থানার একটি ভাড়া বাসায় এই তাসনিম হোসেনকে মারধর করে হত্যা করেন তাঁর স্বামী আতিফ আমির। এ ঘটনায় তাসনিম হোসেনের বাবা জাহিদ হোসেন বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় হত্যা মামলা করেন।
এ রায়ে সন্তুষ্ট নন তাসনিম হোসেনের বাবা জাহিদ হোসেন। আজ আদালতের বারান্দায় দাঁড়িয়ে প্রথম আলোকে তিনি বলেন, ‘পরিবারের অমতেই তাঁদের বিয়ে হয়েছিল। বিয়ের পর থেকে তাঁর বেকার স্বামী যৌতুকের জন্য চাপ দিয়ে আসছিলেন। এভাবেই যৌতুকের জন্য নির্যাতন করে তাসনিমকে হত্যা করেছেন তাঁর স্বামী। আমি আশা করেছিলাম, আতিফ আমিরের মৃত্যুদণ্ড হবে। তাই এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব।’