স্ত্রী হত্যার মামলায় স্বামী রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যৌতুকের ঘটনাকে কেন্দ্র করে রাজধানীর কামরাঙ্গীরচরে স্ত্রী হত্যার আসামি ইব্রাহিম মোল্লাকে আবারও এক দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। ঢাকার মহানগর হাকিম স্নিগ্ধা রানী চক্রবর্তী গতকাল শুক্রবার এ রিমান্ডের আদেশ দেন।
কামরাঙ্গীরচর থানাধীন মাজেদা ভবন ফ্ল্যাট থেকে গত ২৭ ডিসেম্বর নার্গিস আকতার নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ। ওই ঘটনায় নার্গিসের ভাই জাহাঙ্গীর ব্যাপারী বাদী হয়ে তাঁর স্বামী ইব্রাহিম মোল্লা ও তাঁর দুই ভাইকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার এজাহারে বলা হয়েছে, গত ২৬ ডিসেম্বর রাতে হাত-পা বেঁধে মুখে স্কচটেপ পেঁচিয়ে শ্বাসরোধ করে নার্গিসকে হত্যা করা হয়। যৌতুকের জন্য এর আগেও চার-পাঁচবার নার্গিস আকতারকে তাঁরা মারধর করে। এদিন পরিকল্পিতভাবে
তাঁরা এ খুন করে। এ ঘটনায় গত ২৮ ডিসেম্বর ইব্রাহিম মোল্লা ও তাঁর ভাই কামাল মোল্লাকে গ্রেপ্তার করে পুলিশ আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করে।
শুনানি শেষে আদালত দুই আসামির তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন। জিজ্ঞাসাবাদ শেষে গতকাল ইব্রাহিম মোল্লাকে আদালতে হাজির করে আবারও পাঁচ দিনের জন্য তাঁর রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত তাঁর এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।