স্ত্রী হত্যার মামলায় হাইকোর্টে খালাস পেলেন স্বামী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাইকোর্ট
ফাইল ছবি

বরিশালে কোহিনুর বেগম নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগে করা মামলায় বিচারিক আদালতের রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত তাঁর স্বামী মোস্তফা সরদার হাইকোর্টে খালাস পেয়েছেন।

বিচারপতি এস এম এমদাদুল হক ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর সমন্বয়ে গঠিত ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ আজ রোববার এ রায় দেন। ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) ও মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আসামির করা আপিলের শুনানি শেষে এই রায় দেওয়া হয়।

আদালতে আসামিপক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির ও মোহাম্মদ নোয়াব আলী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল হারুনুর রশীদ, সহকারী অ্যাটর্নি জেনারেল জাহিদ আহমেদ।

আইনজীবী শিশির মনির প্রথম আলোকে বলেন, ‘কোহিনুর বেগমকে হত্যার দায়ে বিচারিক আদালত মোস্তফাকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন। ওই দম্পতির তিন সন্তান তাঁদের সাক্ষ্যে বলেছেন, কোহিনুর আত্মহত্যা করেছেন। সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে হাইকোর্ট বলেছেন, কোহিনুর আত্মহত্যা করেছেন। এ জন্য তাঁকে হত্যার দায় মোস্তফার ওপর বর্তায় না বলে হাইকোর্ট তাঁকে খালাস দিয়েছেন।’

সহকারী অ্যাটর্নি জেনারেল জাহিদ আহমেদ প্রথম আলোকে বলেন, ‘ময়নাতদন্তে এসেছে কোহিনুরকে শ্বাস রোধ করে হত্যা করা হয়। হাইকোর্ট মোস্তফাকে খালাস দিয়েছেন। এই রায়ের বিরুদ্ধে আপিল করার বিষয়ে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে নোট দেওয়া হবে।’

আইনজীবী সূত্রের তথ্যমতে, গৌরনদী উপজেলার কসবা এলাকার বাসিন্দা আসমত আলী সরদারের মেয়ে কোহিনুর বেগম। তাঁর সঙ্গে ওই এলাকার বাসিন্দা হাতেম আলী সরদারের ছেলে মোস্তফা সরদারের বিয়ে হয়। এই দম্পতির ঘরে দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।

২০১০ সালের ৪ ফেব্রুয়ারি মোস্তফা সরদারের চৌচালা ঘরের মাচার আঁড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় কোহিনুরের মৃতদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহত ব্যক্তির বাবা বাদী হয়ে পরিকল্পিত হত্যার অভিযোগে মোস্তফাসহ পাঁচজনের বিরুদ্ধে থানায় একটি মামলা করেন। মামলায় অভিযোগ করা হয়, হত্যাকাণ্ডের দুই মাস আগে মোস্তফা সরদার প্রথম স্ত্রী কোহিনুরের অনুমতি ছাড়া একই এলাকার লাল মিয়ার স্ত্রী বুলু বেগমকে বিয়ে করেন। এ নিয়ে মোস্তফা ও কোহিনুরের মধ্যে পারিবারিক কলহ দেখা দেয়। এর সূত্র ধরে কোহিনুরকে হত্যা করা হয়েছে।

ওই বছরের ৩১ মে পুলিশ তিনজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে। এই মামলায় ২০১৫ সালের ৮ অক্টোবর বরিশালের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত রায় দেন। রায়ে মোস্তফা সরদারকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। অভিযোগ প্রমাণিত না হওয়ায় মোস্তফার দ্বিতীয় স্ত্রী বুলু বেগম ও তাঁর আগের স্বামী লাল মিয়াকে খালাস দেওয়া হয়।

বিচারিক আদালতের রায়ের পর আসামির মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স হাইকোর্টে আসে। দণ্ডাদেশের বিরুদ্ধে আসামি মোস্তফা আপিল করেন। এসবের ওপর একসঙ্গে শুনানি শেষে আজ রোববার রায় দেওয়া হয়।