স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার দুপুরে গাজীপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দ জাহেদ মনসুর এ রায় দেন। এ ছাড়া দণ্ডপ্রাপ্ত স্বামীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন গাজীপুরের পূর্ব বাহাদুরপুর গ্রামের জাহাঙ্গীর আলম (৩৭)। রায়ে এ মামলার অপর দুই আসামি জাহাঙ্গীরের মা জাহানারা বেগম (৫৫) ও ভাই জাহিদ হাসানকে (২৮) অব্যাহতি দিয়েছেন আদালত।

আদালত সূত্রে জানা গেছে, গাজীপুরের পূর্ব বাহাদুরপুর গ্রামের জাহাঙ্গীরের সঙ্গে ২০০১ সালে গাজীপুরের কাইঞ্জানুল গ্রামের আয়েশা আক্তার ওরফে লিজার (২৮) বিয়ে হয়। পাঁচ লাখ টাকা যৌতুকের দাবিতে ২০১০ সালের ১৫ আগস্ট সকাল ১০টার দিকে স্বামীর বাড়িতে আয়েশাকে মারধর করা হয়। পরে রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ভাই মামুন খান বাদী হয়ে জাহাঙ্গীর, তাঁর মা জাহানারা বেগম ও ভাই জাহিদ হাসানের বিরুদ্ধে জয়দেবপুর থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে জয়দেবপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. কামাল হোসেন ওই তিনজনের বিরুদ্ধে ২০১১ সালের ১৩ এপ্রিল আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন ওই আদালতের বিশেষ সরকারি কৌঁসুলি (পিপি) এ বি এম আফফান। আর আসামিপক্ষের আইনজীবী ছিলেন ফজজুল হক।

গাজীপুর আদালতের পরিদর্শক রবিউল ইসলাম বলেন, রায়ের পর আসামিদের কারাগারে পাঠানো হয়েছে।