স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামী নাসির উদ্দিন খাঁকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে অভিযোগ প্রমাণ না হওয়ায় আদালত সতীনসহ মামলার অপর তিন আসামিকে বেকসুর খালাস দিয়েছেন। আজ সোমবার বিকেলে বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক বেগম মমতাজ পারভিন এ রায় ঘোষণা করেন।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিশেষ সরকারি কৌঁসুলি (স্পেশাল পিপি) আশিকুর রহমান বলেন, ১৯৯৭ সালের ২৪ সেপ্টেম্বর রাতে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মাঝপাড়ায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ওই সময় নাসির উদ্দিন খাঁ যৌতুকের দাবিতে স্ত্রী মমতাজ শিরিকে নির্যাতনের পর শ্বাসরোধ করে হত্যা করেন। এ ঘটনায় পরদিন শিবগঞ্জ থানায় মমতাজ শিরির বাবা মফছের আলী সরকার বাদী হয়ে জামাই নাসির উদ্দিন খাঁসহ চারজনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন। মামলার তদন্ত শেষে শিবগঞ্জ থানা-পুলিশের একজন কর্মকর্তা ১৯৯৮ সালের ২৩ মার্চ চারজনের বিরুদ্ধেই আদালতে অভিযোগপত্র দাখিল করেন। সাক্ষ্য ও শুনানি শেষে আদালত আজ এ রায় দেন। রায়ের পরপরই দণ্ডপ্রাপ্ত নাসিরকে কারাগারে পাঠানো হয়।