স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

কুষ্টিয়ায় গৃহবধূ শাহানারা হত্যা মামলায় স্বামী আতিয়ার রহমানকে (৩৫) মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়ার জেলা দায়রা ও জজ আদালতের (নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল) বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ রায় দেন। আসামি আতিয়ার রহমান পলাতক।
নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল আদালত সূত্র জানায়, ২০০৩ সালে কুষ্টিয়া সদর উপজেলা হররা গ্রামের শাহানারার সঙ্গে পাশের গ্রামের আতিয়ার রহমানের বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে আতিয়ার ও তাঁর পরিবারের লোকজন শাহানারার ওপর নির্যাতন চালিয়ে আসছিলেন। যৌতুকের টাকা দিতে না পারায় তাঁকে কয়েকবার বাবার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। ২০০৬ সালে ২৭ সেপ্টেম্বর রাতে শাহানারা শ্বশুরবাড়িতে থাকা অবস্থায় তাঁর স্বামী বাবার বাড়ি থেকে তাঁকে ৫০ হাজার টাকা আনতে বলেন। প্রতিবাদ করলে আতিয়ার ও পরিবারের লোকজন শাহানারাকে শারীরিক নির্যাতন করে হত্যা করেন।
ঘটনার পরের দিন শাহানারার ভাই মনিরুজ্জামান বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় আতিয়ার রহমান ও তাঁর তিন ভাই বজলু, ফজলু ও মেজবারকে আসামি করে একটি হত্যা মামলা করেন।
নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আকরাম হোসেন দুলাল বলেন, দীর্ঘ শুনানি শেষে বিচারক প্রধান আসামি আতিয়ারের অনুপস্থিতিতে ফাঁসির দণ্ডাদেশ দেন এবং ৫০ হাজার টাকা জরিমানা করেন। অন্য আসামিদের খালাস দেওয়া হয়েছে।