স্ত্রীকে অ্যাসিড ছোড়া স্বামীর মৃত্যুদণ্ড হাইকোর্টে বহাল
স্ত্রীকে অ্যাসিড নিক্ষেপের দায়ে স্বামীকে দেওয়া মৃত্যুদণ্ডাদেশের রায় বহাল রেখেছেন হাইকোর্ট। বিচারপতি মো. আবদুল হাই ও বিচারপতি কৃষ্ণা দেবনাথ সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ মঙ্গলবার এ রায় দেন।
২০০৮ সালের ১৮ ফেব্রুয়ারি সিরাজগঞ্জের শাহজাদপুরের বড় দুগালি গ্রামে স্বামী আকবর আলী স্ত্রী আয়েশা সিদ্দিকা ওরফে নীলার ওপর অ্যাসিড নিক্ষেপ করেন। পরদিন নীলার বাবা আবদুল আওয়াল শেখ ‘অ্যাসিড অপরাধ দমন আইন ২০০২’-এ শাহজাদপুর থানায় আকবর আলী ও তাঁর পরিবারের সদস্যসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেন।
অভিযোগে বলা হয়, আসামি আকবর আলী সৌদি আরব ছিলেন। ঘটনার ছয় মাস আগে তিনি দেশে আসেন। স্ত্রীকে সৌদি আরবে নেওয়ার প্রস্তাব নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য হয়। এর জের ধরে ১৮ ফেব্রুয়ারি রাতে আবারও তাঁদের দুজনের মধ্যে তর্কবিতর্ক হয়। একপর্যায়ে রাত দুইটার দিকে আকবর আলী ক্ষিপ্ত হয়ে গ্লাসভর্তি অ্যাসিড আয়েশার মুখে ঢেলে দেন। এতে তাঁর মুখ, মাথার সামনের চুল, চোখ, বুক পর্যন্ত এবং দুই হাতে লেগে কঠিন জ্বালাপোড়া শুরু হয়। ওই সময় আয়েশা চিৎকার দিলে আকবর আলী দরজা খুলে বের হয়ে যান।
২০০৮ সালের ১৭ এপ্রিল ওই মামলায় অভিযোগপত্র দেয় পুলিশ। ২৩ জন সাক্ষীর সাক্ষ্য পর্যালোচনা শেষে ২০০৯ সালের ২৩ আগস্ট সিরাজগঞ্জের অ্যাসিড অপরাধ দমন ট্রাইব্যুনাল এক রায়ে আকবর আলীকে মৃত্যুদণ্ড দেন।
এর আগে পলাতক অবস্থায় ২০০৯ সালের ২১ মে বিচারিক আদালতে আত্মসমর্পণ করে জামিন চান আকবর আলী। বর্তমানে তিনি কারাগারে আছেন। নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে তিনি হাইকোর্টে আপিল করেন। পাশাপাশি ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) শুনানির জন্য হাইকোর্টে আসেন। আজ আদালত রায় দেন।
আদালতে আসামিপক্ষে ছিলেন আইজীবী ইউসুফ হোসেন হুমায়ুন ও আবদুল হাই সরকার। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মনিরুজ্জামান রুবেল।
পরে মনিরুজ্জামান রুবেল প্রথম আলোকে বলেন, ‘ওই মেয়েটি জীবিত আছেন। অ্যাসিড অপরাধ দমন আইনের ৫-এর ‘ক’ ধারায় বিচারিক আদালত আকবর আলীর মৃত্যুদণ্ড দিয়েছিলেন। অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় হাইকোর্ট তাঁর মৃত্যুদণ্ড বহাল রেখেছেন। আসামির আপিল খারিজ এবং ডেথ রেফারেন্স অনুমোদন করে রায় দেন আদালত।