স্ত্রীকে অ্যাসিড নিক্ষেপ মামলার রায় ২৬ ফেব্রুয়ারি
স্ত্রী চাকরি ছাড়তে রাজি না হওয়ায় তাঁকে ও সন্তানকে অ্যাসিড নিক্ষেপের অভিযোগে স্বামীর বিরুদ্ধে রাজধানীর রূপনগর থানায় করা একটি মামলার রায়ের জন্য ২৬ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত। গতকাল বুধবার ঢাকার জেলা ও দায়রা জজ এস এম কুদ্দুস জামান এ দিন ধার্য করেন। রাষ্ট্র ও আসামিপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষে এ তারিখ ধার্য করা হয়।
মামলার বিবরণে জানা যায়, গত বছরের ৭ এপ্রিল মাহফুজা আকতার অ্যাসিড-সন্ত্রাসের শিকার হন। সে সময় পাশে ঘুমিয়ে থাকা তাঁর নয় বছরের শিশুর দেহও অ্যাসিডে ঝলসে যায়। এ ঘটনায় স্বামী সরুজ আলম খানসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেন মাহফুজা আকতার। মামলায় অভিযোগ করা হয়, সুরুজ আলম স্ত্রীকে পোশাক কারখানার চাকরি ছেড়ে দিতে বলেন। কিন্তু মাহফুজা আকতার তা ছাড়তে অস্বীকার করেন। এতে আসামি সুরুজ আলম ক্ষিপ্ত হয়ে স্ত্রী মাহফুজাকে অ্যাসিড দিয়ে ঝলসে দেওয়ার পরিকল্পনা করেন। এ কাজে সহায়তা করার জন্য তিনি ভাড়া করেন শফিউল ইসলাম ও ছালিম হাওলাদার নামের দুজনকে।