স্ত্রীকে অ্যাসিডে ঝলসে দেওয়ার অভিযোগ, স্বামী পলাতক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় শশী আক্তার (২৪) নামের এক নারীকে তাঁর স্বামী অ্যাসিডে ঝলসে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে৷ গত শনিবার দুপুরে উপজেলার ধামগড় আনন্দনগর এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত শশীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে৷ ঘটনার পর থেকে শশীর স্বামী মামুন হোসেন ওরফে প্রদীপ (৩২) পলাতক রয়েছেন।
শশীর মা মেহেরুন বেগম বলেন, মুঠোফোনে পরিচয়ের সূত্র ধরে নরসিংদীর বাসিন্দা হিন্দু সম্প্রদায়ের প্রদীপের সঙ্গে শশীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্প্রতি প্রদীপ মুসলমান হয়ে মামুন হোসেন নাম ধারণ করেছেন বলে শশীর পরিবারকে জানান৷ এরপর দুই সপ্তাহ আগে আদালতের মাধ্যমে শশীর সঙ্গে তাঁর বিয়ে হয়৷ ধর্মান্তরিত হওয়ার কারণে প্রদীপকে তাঁর বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে বলে জানালে তাঁকে বন্দরের ধামগড় আনন্দনগরে শশীদের বাড়িতে থাকার অনুমতি দেন শশীর বাবা-মা।
গত শনিবার দুপুরে একটি বিয়ের অনুষ্ঠানে যাওয়ার আগে প্রদীপ জোর করে শশীর সিঁথিতে সিঁদুর ও হাতে শাঁখা পরানোর চেষ্টা করেন। শশী এতে আপত্তি জানান৷ বাগ্বিতণ্ডার একপর্যায়ে প্রদীপ শশীর মুখে অ্যাসিড ছুড়ে মারেন৷ এতে শশীর মুখের অনেকখানি ঝলসে যায়৷ তাঁকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়৷ শশীর ভগ্নিপতি ওমর ফারুক জানান, প্রদীপ প্রতারণার মাধ্যমে শশীকে বিয়ে করেছেন৷ তাঁর কথা না শোনায় শশীর মুখে তিনি অ্যাসিড ছুড়ে মেরেছেন।
গতকাল বিকেলে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার মোর্শেদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা পেয়েছে। ঘটনার পর থেকে শশীর স্বামী পলাতক রয়েছেন। শশীর পরিবার তার স্বামীর বাড়ির সঠিক ঠিকানা পুলিশকে জানাতে পারেনি। এ ঘটনায় এখনো পর্যন্ত মামলা হয়নি৷