স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচিত করার অভিযোগে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচিত করার অভিযোগে স্বামীর বিরুদ্ধে মামলা হয়েছে। গত বৃহস্পতিবার নিহত গৃহবধূর মা বাদী হয়ে মঠবাড়িয়া থানায় এ মামলা করেন।মঠবাড়িয়া থানা সূত্রে জানা গেছে, উপজেলার কবুতরখালী গ্রামের কামাল হোসেনের স্ত্রী সাবিনা বেগম বৃহস্পতিবার বিষপানে আত্মহত্যা করেন। এ ঘটনায় সাবিনার মা হনুফা বেগম জামাতা কামাল হোসেনের বিরুদ্ধে মামলা করেন। কামাল উপজেলার কবুতরখালী গ্রামের রত্তন হাওলাদারের ছেলে। ঘটনার পর থেকে কামাল পলাতক। মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রব খান জানান, বৃহস্পতিবার দুপুরে তুচ্ছ ঘটনা নিয়ে সাবিনার সঙ্গে তাঁর ননদ মিলার বাগিবতণ্ডা হয়। এ ঘটনার জের ধরে কামাল স্ত্রী সাবিনাকে মারধর করেন। দুপুর দেড়টার দিকে সাবিনা ঘরে রাখা কীটনাশক পান করেন। মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত্যু ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রমেশ চন্দ্র হালদার জানান, বৃহস্পতিবার সাবিনাকে তাঁর শাশুড়ি কমলা বেগম হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে আনার আগেই সাবিনা মারা যান। মামলার তদন্ত কর্মকর্তা মঠবাড়িয়া থানার উপপরিদর্শক রথীন্দ্রনাথ বিশ্বাস জানান, গতকাল সকালে সাবিনার লাশ ময়নাতদন্তের জন্য পিরোজপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।