স্ত্রীকে এসিড খাইয়ে হত্যাচেষ্টার ১০ মাস পর মামলা
কিশোরগঞ্জের বাজিতপুরে যৌতুক না পেয়ে পপি রানীকে এসিড খাইয়ে হত্যাচেষ্টার ১০ মাস পর মামলা হয়েছে। গত মঙ্গলবার এসিড সারভাইভার্স ফাউন্ডেশনের সহযোগিতায় পপির মা অজন্তা রানী বাদী হয়ে পপির স্বামী প্রদীপের বিরুদ্ধে বাজিতপুর থানায় মামলা করেছেন।পপি বর্তমানে ঢাকায় এসিড সারভাইভার্স ফাউন্ডেশনে চিকিৎসাধীন আছেন। এসিড সারভাইভার্স ফাউন্ডেশনের কর্মকর্তা পলাশ কর্মকার জানান, ‘পপির খাদ্যনালির অপারেশন করতে হবে। এটা আমাদের দেশে হবে না।’ পপিকে বর্তমানে খাদ্যনালি ছিদ্র করে খাবার খাওয়ানো হচ্ছে। বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সাহা জানান, এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।পুলিশ, মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, দেড় বছর আগে পপির সঙ্গে সুনামগঞ্জের দিরাই উপজেলার প্রদীপ চন্দ্র বণিকের বিয়ে হয়। বিয়ের পর থেকে প্রদীপ শ্বশুরবাড়ি বাজিতপুর উপজেলার কামালপুরে বসবাস করছিলেন। কিছুদিন পর প্রদীপ স্বর্ণ ব্যবসা করার জন্য যৌতুক দাবি করেন। পপির মা দুই লাখ টাকা দেন। পরে প্রদীপ আরও টাকা দাবি করতে থাকেন। টাকা না দেওয়ায় পপির ওপর নির্যাতন শুরু করেন প্রদীপ। একপর্যায়ে পপি অসুস্থ হয়ে পড়েন। গত বছরের ৭ সেপ্টেম্বর রাতে পানি পান করতে চাইলে প্রদীপ পানির পরিবর্তে পপির মুখে এসিড ঢেলে পালিয়ে যান। পপিকে দ্রুত জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘ চার মাসেও অবস্থার উন্নতি না হওয়ায় তাঁকে ঢাকার এসিড সারভাইভার্স ফাউন্ডেশনে স্থানান্তর করা হয়। এ বিষয়ে প্রদীপের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।