স্ত্রীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা স্বামীগ্রেপ্তার
কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা পশ্চিম ইউনিয়নের কাগাতুয়া গ্রামে সেলিনা বেগম (২৮) নামের এক নারীকে ঘুমন্ত অবস্থায় কুপিয়ে হত্যা করা হয়েছে। গত বুধবার গভীর রাতে এ হত্যাকাণ্ড ঘটে।
পুলিশ সেলিনার স্বামী মোবারক হোসেনকে (৩২) গ্রেপ্তার করেছে। এ ব্যাপারে তাঁর বাবা ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার চরলালপুর গ্রামের গোলাপ মিয়া বাদী হয়ে গতকাল বৃহস্পতিবার বিকেলে মুরাদনগর থানায় একটি হত্যা মামলা করেন। গোলাপ মিয়ার বিবরণ অনুযায়ী, প্রায় ১৫ বছর আগে কাগাতুয়া গ্রামের এ কে এম খাইরুল হুদা ওরফে হিরু মিয়ার ছেলে মোবারক হোসেনের সঙ্গে তাঁর মেয়ে সেলিনা বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া-বিবাদ লেগে ছিল। এর মধ্যে তাঁরা ছয় সন্তানের জন্ম দেন। বুধবার দিবাগত রাত আনুমানিক আড়াইটায় মোবারকের সন্তানেরা চিৎকারে শুরু করেন। আশপাশের বাড়ির লোকজন গিয়ে দেখেন ঘরের একটি চকিতে সেলিনার রক্তাক্ত লাশ পড়ে আছে। তখন ঘটনাস্থলে উপস্থিত মোবারক হোসেন কুড়াল দিয়ে কুপিয়ে স্ত্রী সেলিনাকে হত্যা করার বিষয়টি প্রকাশ্যে স্বীকার করেন।
মুরাদনগর থানার ওসি আমিরুল আলমের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। এ সময় মোবারক হোসেনকে নিজ বাড়ি থেকেই পুলিশ গ্রেপ্তার করে। ওসি জানান, জিজ্ঞাসাবাদে মোবারক স্ত্রীকে হত্যা করার কথা স্বীকার করেছেন।