স্ত্রীকে কুপিয়ে আহত করে বিষপানে স্বামীর আত্মহত্যা?
গাজীপুরের কাপাসিয়া উপজেলার উরুণ এলাকায় গত রোববার রাতে এক বৃদ্ধ নিজের স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছেন। পরে তিনি বিষ পান করে আত্মহত্যা করেন বলে খবর পাওয়া গেছে।
আত্মহননকারী ব্যক্তির নাম আবুল হোসেন (৬৫)। তিনি উরুণ এলাকার বাসিন্দা। তাঁর স্ত্রী আনোয়ারা বেগম (৫৫) বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, পারিবারিক নানা বিষয় নিয়ে আবুল হোসেন ও আনোয়ারা বেগমের মধ্যে আগে থেকেই কলহ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় গত রোববার রাত ১১টার দিকে তাঁদের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে আবুল হোসেন ধারালো অস্ত্র দিয়েআনোয়ারা বেগমকে কুপিয়ে গুরুতর জখম করেন। এরপর তিনি বিষ পান করে বাড়ির উঠানে পড়ে ছিলেন। আনোয়ারার ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসেন। তাঁরা আনোয়ারাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। আর কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে আবুল হোসেন মারা যান। এরপর লাশ বাড়িতে ফেরত আনা হয়।
কাপাসিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. হেলাল উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ গতকাল সোমবার সকালে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।