স্ত্রীকে কুপিয়ে জখমের ঘটনায় স্বামী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় গৃহবধূ মণিকা শারমিনকে কুপিয়ে জখম করার ঘটনায় তাঁর স্বামী আবু নাছের মোহাম্মদ ইলিয়াছকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বাড়ি শিবগঞ্জের পালিহারা গ্রামে।
শিবগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) জাহিদ হোসেন বলেন, গত ৩০ জানুয়ারি মণিকা শারমিনকে নিজ বাড়ির শোয়ার ঘরে সন্তানদের সামনেই রামদা দিয়ে কুপিয়ে জখম করেন আবু নাছের। ঘটনার পর থেকেই তাঁকে খোঁজা হচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল ভোরে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদ মাহমুদ খানের নেতৃত্বে একদল পুলিশ গোবিন্দগঞ্জ উপজেলার ফুলপুকুরিয়া গ্রামে যায়। এলাকাবাসীর সহযোগিতায় তাঁকে গ্রেপ্তার করা হয়। এর আগে রাতেই বগুড়া সদরের সূত্রাপুর এলাকা থেকে নাছেরের বাবা হবিবর রহমানকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় ১ ফেব্রুয়ারি শারমিনের বাবা মোস্তাফিজুর রহমান চৌধুরী যৌতুকের জন্য নির্যাতনের অভিযোগে নাছের ও তাঁর বাবাকে আসামি করে শিবগঞ্জ থানায় মামলা করেন। এজাহার সূত্রে জানা যায়, বিয়ের পর থেকেই মাদকসেবী আবু নাছের যৌতুক দাবি করে শারমিনের ওপর অমানুষিক শারীরিক নির্যাতন শুরু করেন। ৩০ জানুয়ারি রাতে আবু নাছের ইয়াবা সেবন করে স্ত্রীর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন। ক্ষিপ্ত হয়ে তিনি রামদা দিয়ে স্ত্রীর শরীরে ১৬টি আঘাত করেন। ডান হাতের রগ কেটে দেন। আহত অবস্থায় তাঁকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে ৫ ফেব্রুয়ারি প্রথম আলোয় একটি প্রতিবেদন প্রকাশিত হয়।