স্ত্রীকে কুপিয়ে হত্যা চার বোমা উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরের মুজিবনগরে মুজিবুর রহমান নামের এক ব্যক্তি তাঁর স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত রোববার উপজেলার আনন্দবাস গ্রামে এ ঘটনা ঘটে। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা গতকাল সোমবার গাংনী উপজেলার কাথুলী গ্রাম থেকে চারটি বোমা উদ্ধার করেছেন। মুজিবনগরে নিহতের নাম ইলু খাতুন (২৫)। ঘটনার পর থেকে তাঁর স্বামী মুজিবুর রহমান পলাতক রয়েছেন। এ ঘটনায় নিহতের বড় ভাই সোহরাব হোসেন মুজিবনগর থানায় হত্যা মামলা করেছেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, আনন্দবাস গ্রামের কলম আলীর ছেলে মুজিবুর রোববার রাতে ঘুমন্ত অবস্থায় তাঁর স্ত্রী ইলুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন। পরে তিনি তাঁর লাশ পাশের বাঁশবাগানের ভেতর ফেলে রেখে পালিয়ে যান। মুজিবনগর থানা সূত্রে জানা গেছে, গতকাল সোমবার সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেহেরপুর সদর হাসপাতালে মর্গে পাঠায়।র‌্যাব-৬ মেহেরপুর ক্যাম্পের সদস্যরা গাংনী উপজেলার কাথুলী গ্রামের ইকবাল হোসেনের বাড়ি পাশে তল্লাশি চালিয়ে একটি ব্যাগের ভেতর থেকে চারটি শক্তিশালী বোমা উদ্ধার করে। ওই ক্যাম্পের কমান্ডার লে. সাজ্জাদ রায়হান জানান, কোনো সন্ত্রাসী গোষ্ঠী নাশকতা সৃষ্টির জন্য বোমাগুলো রেখেছিল।