স্ত্রীকে খুনের পর স্বামীর আত্মহত্যার চেষ্টা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে মিজানুর রহমান (৩৮) নামের এক ব্যক্তি পারিবারিক কলহের জের ধরে রাগের মাথায় স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার পর নিজেও পেটে ছুরি বসিয়ে আত্মহত্যার চেষ্টা করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রংপুর সদর উপজেলার সদ্দপুষ্করীনি ইউনিয়নের জয়রাম গ্রামে গত রোববার রাতে এ ঘটনা ঘটে।  পুলিশ ও গ্রামবাসী জানায়, দাম্পত্যকলহের জের ধরে গত রোববার রাত ১১টার দিকে মিজানুর তাঁর স্ত্রী রূপালী বেগম (৩০)-এর গলায় ছুরিকাঘাত করেন। এতে ঘটনাস্থলেই রূপালী মারা যান। স্ত্রীর মৃত্যুর পর মিজানুর একই ছুড়ি নিজের পেটেও বসিয়ে দেন। কিন্তু ততক্ষণে গ্রামবাসী ছুটে এসে তাঁকে আশঙ্কাজনক অবস্থায় দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।  পুলিশ আরও জানায়, মিজানুর রহমান ওই ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তাঁর বাবা আবু তালেব একই এলাকার ইউপি সদস্য। একই ইউনিয়নের নয়াপাড়া গ্রামের ইয়াকুব আলীর মেয়ে রূপালী বেগম। রূপালী ও মিজানুরের দুটি কন্যা সন্তানও রয়েছে।   রূপালীর বাবা ইয়াকুব আলী বলেন, মামলা করার প্রস্তুতি চলছে। কিন্ত দুটি নাতনীকে নিয়ে বড় কষ্টে পরেছে। রাগের মাথায় মিজানুর আমার মেয়েকে মারল, নিজের অবস্থাও ভাল না। বাচ্চা দুটারেও অসহায় করে দিল।   মামলার তদন্ত কর্মকর্তা কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) শাহাজাহান আলী জানান, এখানো কোনো মামলা হয়নি। ময়না তদন্ত শেষে লাশ বাবার কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনার পর মিজানুর রহমানের বাড়ির সবাই পলাতক রয়েছে। মিজানুর নিজে পুলিশি পাহাড়ায় চিকিৎসাধীন আছেন।