স্ত্রীকে জবাই করে হত্যা ঘাতক স্বামী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্ত্রীকে জবাই করে লাশ খালে ফেলে দেন স্বামী। কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নে গত শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।গতকাল শনিবার দুপুরে পুলিশ গৃহবধূ ডেইজি আকতারের (১৯) গলাকাটা লাশ উদ্ধার করে। গ্রেপ্তার করা হয় ঘাতক স্বামী শওকত ইসলামকে (২৩)। শওকত হত্যা করার কথা পুলিশের কাছে স্বীকার করেছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, প্রায় আট মাস আগে উপজেলার লেমশিখালী ইউনিয়নের টহলীপাড়ার শওকতের সঙ্গে পাশের কৈয়ারবিল ইউনিয়নের ডেইজি আকতারের বিয়ে হয়। বিয়ের সময় বাবার বাড়ি থেকে ডেইজিকে আড়াই ভরি স্বর্ণালংকার দেওয়া হয়। কয়েক দিন ধরে শওকত স্বর্ণালংকারগুলো তাঁর হাতে তুলে দিতে স্ত্রীকে চাপ দিয়ে আসছিলেন। এ নিয়ে বৃহস্পতিবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। স্বর্ণালংকার না পেয়ে ক্ষুব্ধ শওকত ওই রাতে স্ত্রীকে ব্যাপক মারধর করেন। নির্যাতন সহ্য করতে না পেরে শুক্রবার সকালে ডেইজি বাবারবাড়ি চলে যান। শুক্রবার রাত নয়টায় শওকত স্ত্রীকে আনতে শ্বশুরবাড়ি যান। ডেইজি যেতে না চাইলে শওকত শাশুড়িকে হুমকি দেন, এই মুহূর্তে ডেইজি তাঁর সঙ্গে না গেলে তালাক দেবেন। শাশুড়ি মেয়েকে বুঝিয়ে জামাতা শওকতের সঙ্গে পাঠান। পুলিশ জানায়, গতকাল সকালে শওকত শাশুড়িকে মুঠোফোনে জানান, ডেইজিকে পাওয়া যাচ্ছে না। সে রাতে ঘর থেকে পালিয়েছে। এদিকে কৈয়ারবিলের কয়েকজন জেলে স্থানীয় খালে মাছ ধরার জন্য জাল ফেললে তাতে শাড়ি আটকে যায়। শাড়ি ধরে টানতে গিয়ে জেলেরা আবিষ্কার করেন নারীর লাশ। জেলেরা কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আজমগীর মাতাব্বরকে ঘটনা জানান। চেয়ারম্যান বিষয়টি কুতুবদিয়া থানায় জানান। কুতুবদিয়া থানার পুলিশ খাল থেকে ডেইজির লাশ উদ্ধার করে। ঘটনাস্থল থেকে ডেইজির বাড়ির দূরত্ব প্রায় ১৫০ গজ। নিহত ডেইজির মা মিনুয়ারা বেগম (৪৫) বলেন, রাতে যে শাড়ি পরে ডেইজি স্বামীর সঙ্গে বেরিয়ে যায়, সেই শাড়ি পরা অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। সম্ভবত পথে খালের পাড়ে ডেইজিকে দা দিয়ে জবাই করে হত্যা করা হয় এবং হত্যার ঘটনা ধামাচাপা দিতে লাশটি খালে পুঁতে ফেলা হয়। কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন গতকাল প্রথম আলোকে জানান, শওকত স্বর্ণের জন্য ডেইজিকে জবাই করার কথা স্বীকার করেছেন। এ ব্যাপারে নিহতের মা বাদী হয়ে শওকতের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেছেন। বেলা তিনটায় ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। উল্লেখ্য, গত বুধবার পাশের পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নের কাদিমাকাটা চৌরাস্তার মাথা এলাকা থেকে পুলিশ এক তরুণীর মস্তকবিহীন লাশ উদ্ধার করে। পেকুয়া থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, গতকাল বিকেল পর্যন্ত নিহত তরুণীর পরিচয় মেলেনি।