স্ত্রীকে ঝলসে দেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুরের জাজিরা উপজেলার রামকৃষ্ণপুর গ্রামে যৌতুকের দাবিতে চান মিয়া মাদবর নামের এক ব্যক্তি তাঁর স্ত্রী শিরীন আক্তারের শরীরে আগুন দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ওই গৃহবধূ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে গত ১ এপ্রিল।
জাজিরা থানা ও স্থানীয় সূত্র জানায়, ২০১২ সালে উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের সোনা মিয়া মাদবরের ছেলে চান মিয়া মাদবরের সঙ্গে রূপবাবুরহাট গ্রামের হজরত আলী মাদবরের মেয়ে শিরীন আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকেই চান মিয়া যৌতুকের দাবিতে শিরীনকে নির্যাতন করতে থাকেন। শিরীনের দাদি নিলুফা বেগম শিরীনের ভবিষ্যতের কথা চিন্তা করে তাঁকে এক বিঘা জমি লিখে দেওয়ার উদ্যোগ নেন। এ খবর জানার পর চান মিয়া জমিটি তাঁর নামে লিখে নেওয়ার জন্য শিরীনের ওপর চাপ সৃষ্টি করতে থাকেন।
জমি লিখে দিতে রাজি না হওয়ায় চান মিয়া বিষয়টি নিয়ে শিরীনকে প্রায় মারধর করতেন। ক্ষুব্ধ চান মিয়া গত ১ মার্চ দুপুরে শিরীন আক্তারের শরীরে কেরোসিন ঢেলে আগুন দিয়ে ঘরে আটকে রাখেন। প্রতিবেশীরা তাঁকে উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা ওই দিন রাতে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। শিরীন আক্তার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন।
এ ঘটনায় শিরীনের চাচা সালাম মাদবর বাদী হয়ে পাঁচজনকে আসামি করে জাজিরা থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ চান মিয়ার মা নিলুফা বেগমকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে।
গত মঙ্গলবার রামকৃষ্ণপুর গ্রামে গিয়ে চান মিয়ার বাড়ি তালাবদ্ধ দেখা যায়। প্রতিবেশীরা জানান, ঘটনার পর থেকে চান মিয়া ও তাঁর পরিবারের সদস্যরা পলাতক। জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী মিয়া বলেন, এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।