স্ত্রীকে তালাক দিয়ে আত্মহত্যা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই বছর আগে প্রেমিকাকে বিয়ে করতে চেয়েছিলেন মিজানুর রহমান। কিন্তু রাজি হচ্ছিল না তাঁর পরিবার। পরে আত্মহত্যার চেষ্টা করায় পরিবার মত দেয়। সেই পরিবারের চাপেই সম্প্রতি স্ত্রীকে তালাক দেন মিজানুর। পরিবারের সদস্যরা ফের বিয়ের জন্য চাপ দেওয়ায় এবার সত্যি সত্যিই আত্মহত্যা করেছেন তিনি। মিজানুর রহমানের স্বজনেরা ও পুলিশ এভাবেই তাঁর অস্বাভাবিক মৃত্যুর বিষয়টি তুলে ধরলেন।

মিজানুর রহমান (২৭) রাজশাহীর বাগমারা উপজেলার গণিপুর ইউনিয়নের মাধাইমুড়ি গ্রামের জাবেদ আলীর ছেলে। আজ শুক্রবার সন্ধ্যায় ঘর থেকে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা ও স্বজনেরা বলেন, দুই বছর আগে মিজানুরের সঙ্গে এক তরুণীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রেমিকার সঙ্গে বিয়ে দেওয়ার কথা পরিবারের সদস্যদের জানান তিনি। কিন্তু মেয়ের পরিবার আর্থিকভাবে অসচ্ছল হওয়ার কারণে মিজানুরের পরিবার আপত্তি জানায়। এ ঘটনায় গত ২০১৬ সালে পরিবারের সদস্যদের ওপর অভিমান করে বিষপান করেছিলেন তিনি। পরে সময়মতো মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ায় বেঁচে যান মিজানুর। পরে পরিবারের উদ্যোগে প্রেমিকার সঙ্গেই বিয়ে হয় তাঁর।

পরিবার সূত্রে জানা গেছে, দুই বছর সংসার করার পর মাস খানেক আগে পরিবারের সদস্যদের চাপে স্ত্রীকে তালাক দেন মিজানুর। এরপর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি। পরিবারের সদস্যরা তাঁকে অন্যত্র বিয়ে দেওয়ার প্রস্তুতি নেন। এ বিষয়টি জানার পর শুক্রবার সন্ধ্যায় ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। ওই সময় বাড়িতে কেউ ছিল না।

মিজানুরের বাবা জাবেদ আলী প্রথম আলোকে বলেন, সন্ধ্যায় বাড়িতে এসে মিজানুরের ঘরের দরজা ভেতর থেকে বন্ধ পান তিনি। ডাকাডাকি করেও সাড়াশব্দ না পেয়ে ঘরের দরজা ভাঙা হয়। এ সময় তাঁকে ফ্যানের সঙ্গে ঝুলতে দেখা যায়।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ বলেন, এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।