স্ত্রীকে নিতে না পেরে শ্যালককে খুন!
স্ত্রীকে বাড়িতে নিতে না পেরে জামাল উদ্দিন নামে এক ব্যক্তি তাঁর শ্যালককে খুন করে প্রতিশোধ নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার ঢাকার অদূরে সাভারের বিরুলিয়া ইউনিয়নের আকরান এলাকায় ঘটনাটি ঘটেছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, সাত মাস আগে ইউনিয়নের কালিয়াকৈর গ্রামের বাসিন্দা জামালের (৩০) সঙ্গে একই ইউনিয়নের আউখপাড়া গ্রামের হাসিনা আক্তারের (২০) বিয়ে হয়। বিয়ের কয়েক দিন পর স্বামী জামালের বহু বিবাহের খবর জানতে পেরে হাসিনা বাবার বাড়িতে চলে যান। এরপর অনেক চেষ্টা করেও জামাল তাঁকে নিতে পারেননি। জামাল মাঝেমধ্যে শ্বশুরবাড়ি গিয়ে হাসিনাকে মারধরও করতেন। গত বুধবার রাত আটটার দিকে জামাল তাঁর শ্বশুরবাড়ি যান। চা খাওয়ার কথা বলে শ্যালক ইব্রাহীমকে (১৩) সঙ্গে নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর তিনি ইব্রাহীমকে আকরানের বিরুলিয়া ইউনিয়ন পরিষদের নবনির্মিত ভবনের পেছনে নিয়ে যান। সেখানে একটি ছোট ঘরের মধ্যে নিয়ে তার হাত-পা বেঁধে ফেলেন। এরপর মুঠোফোনে ইব্রাহীমের পরিবারকে বিষয়টি অবহিত করে তার মুক্তির বিনিময়ে স্ত্রী হাসিনাকে ফেরত চান। কিন্তু জামালের কথায় সাড়া না দিয়ে আত্মীয়স্বজন ও এলাকার লোকজন ইব্রাহীমের সন্ধানে বের হয়। এই খবর পেয়ে জামাল ইব্রাহীমকে হত্যা করে গাঁ ঢাকা দেন। রাত দুইটার দিকে বিরুলিয়া ইউনিয়ন পরিষদের ভবনের পেছনে একটি শশা খেতের ভেতর ইব্রাহীমের লাশ পড়ে থাকতে দেখে স্বজনেরা থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এরপর ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।ইব্রাহীমের বাবা পরশ আলী বলেন, জামাল উদ্দিন আগেও সাতটি বিয়ে করেছে। কিন্তু সে আগের সব বিয়ের কথা গোপন রেখে তাঁর মেয়ে হাসিনাকে বিয়ে করে।সাভার থানার উপপরিদর্শক (এসআই) মো. রবিউল আলম জানান, ইব্রাহীমকে জবাই করে হত্যা করা হলেও তার পায়েও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। এ ব্যাপারে পরশ আলী জামালসহ কয়েক জনকে আসামি করে গতকাল সাভার থানায় একটি হত্যা মামলা করেছেন। সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমান বলেন, ধারণা করা হচ্ছে, স্ত্রীকে নিতে ব্যর্থ হয়েই জামাল ক্রোধের বশবর্তী হয়ে শ্যালককে খুন করেন।