স্ত্রীকে নির্বাচনে জেতাতে স্বেচ্ছায় আত্মগোপন!
রংপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে ১৯-দলীয় জোট-সমর্থিত নারী ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রীনা বেগমের স্বামী বিএনপির নেতা রেজওয়ানুল হককে নিখোঁজের চার দিন পর উদ্ধার করা হয়েছে। আজ রোববার বেলা ১১টার দিকে ঢাকার আশুলিয়ার বাইপাইল এলাকায় খাবারের এক দোকান থেকে পুলিশ তাঁকে উদ্ধার করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা রংপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) হোসেন আলী মুঠোফোনে প্রথম আলোকে বলেন, রেজওয়ানুল হককে আশুলিয়ার বাইপাল এলাকার খাবারের দোকানে মুঠোফোনের মাধ্যমে ডেকে আনা হয়। তাঁকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তবে তিনি কী কারণে নিখোঁজ ছিলেন, বা তিনি অপহূত হয়েছিলেন কি না—সঠিক কারণ এখনো অস্পষ্ট।
তবে নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের একটি সূত্র দাবি করেছে, রেজওয়ানুলের স্ত্রী রংপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে নারী ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করছেন। এই নির্বাচনে মানুষের আবেগকে কাজে লাগাতে তিনি আত্মগোপনে ছিলেন।
রীনা বেগম সদর উপজেলার মোমেনপুর ইউনিয়ন বিএনপির মহিলাবিষয়ক সম্পাদক। তাঁর স্বামী একই ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক। স্বামী নিখোঁজ হয়েছেন মর্মে স্ত্রী রীনা বেগম ৬ মে কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
জিডিতে বলা হয়, রেজওয়ানুল ওই দিন সন্ধ্যায় নির্বাচনী পোস্টার আনতে শহরে যান। কিন্তু রাত পেরিয়ে গেলেও তিনি বাড়ি ফেরেননি। সন্ধ্যার পর থেকে তাঁর মুঠোফোনটি বন্ধ। অনেক স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান মেলেনি।
এ ব্যাপারে রীনা বেগমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাঁকে পাওয়া যায়নি।
জেলা পুলিশ সুপার আবদুর রাজ্জাক প্রথম আলোকে বলেন, রেজওয়ানুলকে রংপুরে নেওয়ার পর পুরো ঘটনা জানা যাবে।
১৯ মে রংপুর সদর উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।