স্ত্রীকে নির্যাতন করায় ক্ষুব্ধ শ্বশুরবাড়ির লোকজনের হাতেই খুন হন সিলেটের গোটাটিকরের বাসিন্দা সুহেল আহমদ (২৪)। হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া আসামি ইসলাম উদ্দিন (সুহেলের শ্যালক) গতকাল সোমবার আদালতে হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। জবানবন্দি রেকর্ড করেন সিলেটের বিচারিক হাকিম কাজী মুশফিক মাহবুব।জবানবন্দিতে ইসলাম উদ্দিন জানান, বড় বোন মিলন আক্তার মিলার সঙ্গে তাঁর ঘনিষ্ঠ বন্ধু কাজলের প্রেমের সম্পর্ক ছিল। তবে সেটা কেউ জানত না। সুহেলকে হত্যার পাঁচ দিন আগে মিলা বিষপান করলে তাঁকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় কাজল ইসলামকে জানান, স্বামী সুহেল আহমদের অত্যাচারে অতিষ্ঠ হয়েই মিলা বিষপান করেছেন। এ কথা শুনে ইসলাম উদ্দিন ও কাজল সুহেলকে মারার পরিকল্পনা করেন। পরিকল্পনা অনুযায়ী কাজল সুহেলকে জানান, তাঁর স্ত্রী অসুস্থ হয়ে হাসপাতালে থাকায় কিছু টাকা দেবেন। এই টাকা নিতে হলে কান্দিগাঁওয়ের বালিউরা গ্রামের ঢালুয়াবন্দ হাওরে সুহেলকে আসতে হবে। এ কথা শুনে রাত সাড়ে ১২টার দিকে সুহেল নির্ধারিত স্থানে আসেন। এর আগে ওই স্থানে ইসলাম, কাজলসহ আরও কয়েকজন অবস্থান করছিলেন। সুহেল ওই স্থানে পৌঁছামাত্রই মালিক নামের একজন গামছা দিয়ে সুহেলের গলা পেঁচিয়ে ধরেন। কাজল মুখে, ইসলাম হাতে এবং অন্যরা জাপটে ধরেন। একপর্যায়ে শ্বাসরুদ্ধ হয়ে ঘটনাস্থলে সুহেল মারা যান। পরে কাজলের নির্দেশ অনুযায়ী সুহেলের মস্তক ছিন্ন করে একটি ডোবায় ফেলে দিয়ে নিজেদের মতো করে বাড়ি ফেরেন তাঁরা। ১৮ এপ্রিল সদর উপজেলার কান্দিগাঁওয়ের বালিউরা গ্রামের পাশের বিল থেকে সুহেলের মস্তকবিহীন লাশ উদ্ধার করা হয়। গত রোববার সুহেলের মস্তক তাঁর শ্বশুরবাড়ির পাশের একটি ডোবা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের বাবা জয়নাল আবেদীন বাদী হয়ে সিলেট কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা করেন। এ ঘটনায় সুহেলের শ্বশুরসহ নয়জনকে পুলিশ গ্রেপ্তার করে।