স্ত্রীকে নির্যাতন, কাউন্সিলরের বিরুদ্ধে আদালতে মামলা
নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জহিরুল ইসলামের বিরুদ্ধে স্ত্রী রহিমা আক্তারকে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় রহিমা আদালতে মামলা করেছেন।
রহিমা উপজেলার দড়িহাওলা পাড়ার রজব আলীর মেয়ে। রহিমার অভিযোগ, আদালতে মামলা করায় জহিরুল তাঁকে মেরে ফেলার হুমকি দিচ্ছেন।
এলাকার কয়েকজন ও রহিমার ভাষ্যমতে, ২৩ বছর আগে চাচাতো ভাই জহিরুলের সঙ্গে রহিমার বিয়ে হয়। রহিমা পলাশ থানা সদর উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক। কয়েক বছর ধরে জহিরুল স্ত্রী ও সন্তানদের ভরণপোষণ দেন না। সম্প্রতি জহিরুল নেশাগ্রস্ত হয়ে সন্তানদের সামনে রহিমাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন শুরু করেন। ৫ ফেব্রুয়ারি রাতে মাকে মারধরের সময় দুই কিশোর ছেলে তুহিন মিয়া ও জোবায়ের আহমেদ বাবাকে নিবৃত্ত করার চেষ্টা করেন। তাদেরকে একটি কক্ষে আটকে রেখে আবার রহিমাকে মারধর করা হয়। পারিবারিক ও সামাজিকভাবে বিষয়টি নিয়ে বৈঠক হলেও সুরাহা হয়নি। এ ব্যাপারে থানায় অভিযোগ দিলেও পুলিশ মামলা হিসেবে নেয়নি। সেটি সাধারণ ডায়েরি (জিডি) হিসেবে নেওয়া হয়। এ ঘটনার পর রহিমাকে জহিরুল বাড়িতে ঢুকতে দিচ্ছেন না। ১২ ফেব্রুয়ারি রহিমা আদালতে একটি মামলা করেন। এর পর থেকে জহিরুল তাঁকে মেরে ফেলার হুমকি দিচ্ছেন।
জানতে চাইলে জহিরুল পাল্টা অভিযোগ করে বলেন, ‘কিছুদিন ধরে রহিমা শিক্ষকতার নামে সন্ধ্যার পর পর্যন্ত বাইরে থাকে। আমার ধারণা, সে পরকীয়ায় জড়িয়ে পড়েছে। তাঁকে শাসন করা নির্যাতনের মধ্যে পড়ে কি না আমার জানা নেই। আর আমি কাউন্সিলর, আমি কি নেশা করতে পারি?’
তবে ঘোড়াশাল পৌরসভার মেয়র শরীফুল হক বলেন, ‘জহিরুলের বিরুদ্ধে নেশাগ্রস্ত হয়ে স্ত্রীকে কয়েকবার নির্যাতনের অভিযোগ পেয়েছি। সতর্কও করেছি। কোনো কাজ হয়নি।’
পলাশ থানার উপপরিদর্শক আবদুল হান্নান জানান, রহিমা তাঁর স্বামীর বিরুদ্ধে কোনো সাক্ষী জোগাড় করতে পারেননি। তাই ব্যবস্থা নেওয়া হয়নি।