স্ত্রীকে নির্যাতনের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যৌতুক দাবি করে না পেয়ে বরিশালের বাবুগঞ্জ উপজেলায় রহিমা খাতুন নামে এক গৃহবধূকে তাঁর স্বামী কামরুজ্জামান কবির নির্যাতন করেছেন বলে অভিযোগ উঠেছে। একই সঙ্গে যৌতুকের টাকা না দেওয়ায় কবির দ্বিতীয় বিয়ে করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় রহিমা খাতুনের বাবা ওহাব হাওলাদার গত ৪ জুন কবিরসহ তিনজনের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন।মামলার আরজিতে উল্লেখ করা হয়েছে, ১৯৯৬ সালে বাবুগঞ্জ উপজেলার রহমতপুরের ওহাব হাওলাদারের মেয়ে রহিমা খাতুনের সঙ্গে একই এলাকার কামরুজ্জামান কবিরের বিয়ে হয়। বিয়ের পর কবির বিদেশে যাওয়ার জন্য বাদীর কাছে দুই লাখ টাকা দাবি করেন। বাদী টাকা দিলে কবির বিদেশে চলে যান। কিন্তু কিছুদিন না যেতেই তিনি বিদেশ থেকে ফিরে আসেন। মামলার আরজিতে আরও উল্লেখ করা হয়েছে, কিছুদিন আগে কবির তাঁর স্ত্রী রহিমা খাতুনকে তাঁর বাবার বাড়ি থেকে আরও দুই লাখ টাকা এনে দিতে বলেন। কিন্তু রাজি না হওয়ায় কবির রহিমা খাতুনকে ভরণপোষণ দেওয়া বন্ধ করে দেন। গত ৪ জুন বেলা দুইটায় কবির টাকা না আনার কারণে রহিমা খাতুনকে আবারও বেদম মারধর করেন। এ সময় কবিরের দ্বিতীয় স্ত্রী এ মামলার দুই নম্বর আসামি লুৎফুন্নেছা হীরা ও অন্য আসামি মারধর করার জন্য কবিরকে ইন্ধন জোগান। কবিরের বিরুদ্ধে মামলা করার পর বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক গত ৪ জুন মামলাটি আমলে নিয়ে এয়ারপোর্ট থানাকে প্রতিবেদন দিতে নির্দেশ দেন। এয়ারপোর্ট থানা ২১ জুন আদালতে প্রতিবেদন দাখিল করে।কামরুজ্জামান কবির বলেন, ‘আমি বিদেশে গিয়েছি নিজের খরচে এবং সেখানে আমি ছয় বছর ছিলাম। আমি কারও কাছে যৌতুক দাবি করিনি। তা ছাড়া আমি প্রথম স্ত্রীকে আইনত তালাক দিয়ে দ্বিতীয় বিয়ে করেছি।’