স্ত্রীকে নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার
মাগুরার মহম্মদপুরে স্ত্রীকে নির্যাতনের অভিযোগে আবদুল ওয়াদুদ মোল্লা (৩৫) নামের এক শিক্ষককে পুলিশ গতকাল শনিবার গ্রেপ্তার করেছে। তিনি সালধা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। নির্যাতনের ঘটনায় তাঁর স্ত্রী গত শুক্রবার থানায় মামলা করেন।
জানা গেছে, ছয় মাস আগে উপজেলার দরিসালধা গ্রামের হাকিম মোল্লার ছেলে আবদুল ওয়াদুদের সঙ্গে রোনগর গ্রামের ওহিদুর রহমানের মেয়ে দেউলি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামরুন্নাহার বেগমের (২৩) বিয়ে হয়। গত মঙ্গলবার গভীর রাতে ওয়াদুদ বাড়ি ফিরলে কামরুন্নাহার তাঁর কাছে দেরিতে আসার কারণ জানতে চান। এতে ক্ষুব্ধ হয়ে ওয়াদুদ তাঁকে পেটান। একপর্যায়ে ওয়াদুদ ঘুমিয়ে পড়লে কামরুন্নাহার ঘর থেকে বেরিয়ে এক প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নেন। পরদিন তিনি মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। আবদুল ওয়াদুদ স্ত্রীর কাছে টাকা চাওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, পারিবারিক কলহের জের ধরে তিনি স্ত্রীকে মারধর করেছেন।