স্ত্রীকে নির্যাতনের অভিযোগে স্বামীর সশ্রম কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বাঁশখালী উপজেলাধীন উত্তর জলদি গ্রামে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ প্রমাণিত হওয়ায় স্বামীকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত। গতকাল সোমবার চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মো. রেজাউল করিম এ রায় দেন। রায়ে আদালত আসামিকে ৩০ হাজার টাকা জরিমানাও করেন। দণ্ডপ্রাপ্ত আসামির নাম মোহাম্মদ ছফা (৪০)। তিনি বাঁশখালী উপজেলার উত্তর জলদি গ্রামের বাসিন্দা। রায় ঘোষণার সময় আসামি ছফা আদালতে উপস্থিত ছিলেন। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়। ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী চন্দন তালুকদার প্রথম আলোকে বলেন, আসামির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনের ১১(গ) ধারায় আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাঁকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। আদালত সূত্র জানায়, দুই লাখ টাকা যৌতুকের দাবিতে ২০০৯ সালের ৪ নভেম্বর ছফা তাঁর স্ত্রীকে নির্যাতন করেন এবং পরদিন তাঁকে জোরপূর্বক পৈতৃক বাড়িতে পাঠিয়ে দেন। ঘটনার পর ওই বছরের ৬ নভেম্বর ছফার স্ত্রী বাদী হয়ে বাঁশখালী থানায় একটি মামলা করেন। ওই বছরের ৩১ ডিসেম্বর পুলিশ আসামি ছফার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। ২০১১ সালের ২৩ মে আদালতে ছফার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।