স্ত্রীকে নির্যাতনের মামলায় সাংবাদিক রিমান্ডে

স্ত্রীকে নির্যাতনের অভিযোগে করা মামলায় বেসরকারি একটি টেলিভিশনের বার্তা সম্পাদক রকিবুল ইসলাম ওরফে মুকুলকে (৩৭) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার তাঁকে আদালতে হাজির করা হলে আদালত জামিন নামঞ্জুর করে এক দিনের রিমান্ডের আদেশ দেন।
নারী নির্যাতন ও যৌতুকের অভিযোগে গত বৃহস্পতিবার রাজধানীর মিরপুর থানায় একটি মামলা করেন রকিবুলের স্ত্রী দৈনিক জনকণ্ঠ পত্রিকার জ্যেষ্ঠ প্রতিবেদক নাজনীন আখতার। মামলায় রকিবুল ছাড়াও এক নারীকে আসামি করা হয়।
মিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ পারভেজ প্রথম আলোকে বলেন, স্ত্রীর দায়ের করা মামলায় শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে রাজধানীর সেগুনবাগিচা থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। পরে শনিবার তাঁকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চাওয়া হয়। আদালত জামিন নামঞ্জুর করে এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
জানতে চাইলে নাজনীন আখতার বলেন, ২০১৩ সালের ১৬ সেপ্টেম্বর একমাত্র মেয়ে চন্দ্রমুখী মারা যাওয়ার পর শোকে তিনি পাঁচতলা থেকে লাফ দিয়ে পড়ে গুরুতর আহত হন। এরপর দীর্ঘদিন হাসপাতালে ছিলেন। পরে চিকিৎসকদের পরামর্শে আবার তাঁরা দুজন সন্তান নেওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু এর মধ্যে রকিবুল এক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েন। এ নিয়ে কথা বললে স্বামী রকিবুল বিভিন্ন সময়ে তাঁকে (নাজনীন) শারীরিকভাবে নির্যাতন করেন।
নাজনীন অভিযোগ করেন, বিভিন্ন সময়ে রকিবুল তাঁর কাছ থেকে টাকাও নিয়েছেন। সর্বশেষ পূর্বাচলে বরাদ্দ পাওয়া একটি প্লটের কিস্তির জন্য তিনি তাঁর নিজের ও এক আত্মীয়ের কাছ থেকে এনে ১৪ লাখ টাকা দেন রকিবুলকে। কিন্তু রকিবুল ওই প্লটটি নিজের নামে লিখে নেন এবং সম্প্রতি সেটি বিক্রিও করে দেন। এত দিন মামলা না করার বিষয়ে নাজনীন বলেন, সবার পরামর্শে ও ভবিষ্যতের কথা ভেবে তিনি এত দিন মামলা করেননি। এখন বাধ্য হয়েই মামলা করলেন।