স্ত্রীকে নির্যাতনের মামলায় এসআই স্বামী কারাগারে
শেরপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে শারীরিক নির্যাতনের ঘটনায় হওয়া মামলার প্রধান আসামি এসআই শাহিনুল ইসলামকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার আদালতের নির্দেশে তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়। একই দিন পুলিশ এসআইয়ের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে জ্যেষ্ঠ বিচারিক হাকিম সরকার হাসান শাহরিয়ারের আদালতে হাজির হয়ে শাহিনুল জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাঁকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় দেড় বছর আগে শ্রীবরদী উপজেলার ঘোনাপাড়া গ্রামের বাসিন্দা ঢাকা মহানগর পুলিশের উপপরিদর্শক শাহিনুল ইসলামের সঙ্গে আশরাফুন্নাহারের বিয়ে হয়। এ সময় আশরাফুন্নাহারের বাবা শাহিনুলকে নগদ পাঁচ লাখ টাকা দেন। গত ২২ মে রাতে ২০ লাখ টাকা দাবি করে না পেয়ে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন তাঁর ওপর নির্যাতন চালান। এ ঘটনায় আশরাফুন্নাহারের মা সেলিনা আক্তার গত ৫ জুন শাহিনুলসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেন।