স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় রেহেনা আক্তার নামের এক গৃহবধূকে তাঁর স্বামী পিটিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার রাতে উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ রেহেনার স্বামী দুলাল মিয়াকে গ্রেপ্তার করেছে।
রেহেনার পরিবার ও পুলিশ জানায়, ১৫ বছর আগে কালিয়াকৈর উপজেলার ভাতারিয়া গ্রামের সিদ্দিক মিয়ার মেয়ে রেহেনার সঙ্গে পল্লী বিদ্যুৎ এলাকার মন্ডলপাড়ার সোনামুদ্দিনের ছেলে দুলাল মিয়ার বিয়ে হয়।
বিয়ের পর থেকে দুলাল যৌতুক না পেয়ে রেহেনাকে মারধর করতেন। এক বছর আগে দুলাল রেহেনাকে না জানিয়ে আরেকটি বিয়ে করেন। সম্প্রতি ঘটনাটি জানার পর রেহেনা দ্বিতীয় স্ত্রীকে ছেড়ে দেওয়ার জন্য দুলালের ওপর চাপ সৃষ্টি করেন। বিষয়টি নিয়ে তাঁদের সম্পর্কের অবনতি ঘটে। এর জের ধরে মঙ্গলবার রাত আটটার দিকে দুলাল রেহেনাকে গলা টিপে হত্যা করেন বলে পরিবার দাবি করে। এরপর দুলাল ও তাঁর বাড়ির লোকজন রেহেনা আত্মহত্যা করেছেন বলে প্রচার করতে থাকেন। সন্দেহ হওয়ায় রেহেনার পরিবারের সদস্যরা পুলিশে খবর দেন। পরে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। এ ঘটনায় রেহেনার বড় ভাই জুলহাস থানায় দুলাল ও তাঁর পরিবারের চার সদস্যকে আসামি করে মামলা করেছেন।