স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী আটক
সুনামগঞ্জ সদর উপজেলার ভৈষভেড় গ্রামে গতকাল শনিবার স্বামীর হাতে স্ত্রী খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় স্বামী কামাল মিয়াকে আটক করা হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মোহনপুর ইউনিয়নের ভৈষভেড় গ্রামের আজিজুল মিয়ার ছেলে কামাল মিয়ার (৩৫) সঙ্গে সাত বছর আগে বিয়ে হয় একই উপজেলার কাঠইর ইউনিয়নের গুলেরগাঁও গ্রামের ছুরত আলীর মেয়ে পাপিয়া বেগমের (২৭)। কামাল কৃষিকাজ করেন। তাঁদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। গতকাল বিকেলে পারিবারিক কলহের জের ধরে কামাল মিয়া স্ত্রী পাপিয়াকে মারধর করেন। একপর্যায়ে পাপিয়া ঘর থেকে দৌড়ে বের হয়ে গিয়ে বাড়ির সামনের রাস্তার ওপর পড়ে যান। কামাল সেখানে গিয়ে পাপিয়ার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে শাবল দিয়ে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জানে আলম খান বলেন, কামাল মিয়াকে আটক করা হয়েছে। পাপিয়ার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।