স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ
দিনাজপুরের বিরামপুরে মাহমুদা বেগম (২৭) নামের এক গৃহবধূকে তাঁর স্বামী শাহজাহান আলী পিটিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ১ নম্বর মুকুন্দপুর ইউনিয়নের পলিখাঁপুর গ্রামে এ ঘটনা ঘটে।গৃহবধূর বাবা নুর মোহাম্মদ জানান, নয় বছর আগে প্রতিবেশী জলিলুর রহমানের ছেলে শাহজাহান অনেকটা জোর করেই তাঁর মেয়ে মাহমুদাকে বিয়ে করেন। বিয়ের পর থেকেই শাহজাহান ও তাঁর বাবা-মা যৌতুকের দাবিসহ বিভিন্ন অজুহাতে মাহমুদাকে নির্যাতন করতেন। গত মঙ্গলবার বিকেলে শাহজাহান মাহমুদাকে মারধর করতে থাকেন। খবর পেয়ে মাহমুদার ছোট ভাই সাহাবুর আলম এগিয়ে এলে শাহজাহান তাঁকেও মারধর করেন। পরে সাহাবুর তাঁর বাবাকে ডাকতে যান। কিছুক্ষণ পর প্রতিবেশীদের মাধ্যমে তাঁরা মাহমুদার মারা যাওয়ার খবর পান। মঙ্গলবার রাতে ঘটনাস্থলে গিয়ে মাহমুদার স্বামী, শ্বশুর-শাশুড়ি কাউকে পাওয়া যায়নি।বিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) বজলুর রশিদ জানান, গৃহবধূর বাবা নূর মোহাম্মদ তাঁর মেয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে একটি অপমৃত্যুর মামলা করেছেন। তবে নুর মোহাম্মদ জানান, তিনি অপমৃত্যুর মামলা করেননি। ময়নাতদন্তের কথা বলে পুলিশ একটি কাগজে তাঁর সই নিয়েছে। এ ঘটনায় তিনি হত্যা মামলা করবেন বলে জানান।