স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে মামলা স্বামী গ্রেপ্তার
নওগাঁর রানীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে হত্যা করার অভিযোগে পাষণ্ড স্বামী, দেবর ও শ্বশুরের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গত সোমবার বিকেলে পুলিশ ঘাতক স্বামী আবদুল জলিলকে (৪৫) গ্রেপ্তার করেছে। নিহতের মা লাইলি বিবি বলেন, ‘সোমবার সকালে যৌতুকলোভী আবদুল জলিল আমার মেয়ে রোজিনাকে পিটিয়ে হত্যা করে মুখে বিষ ঢেলে দিয়ে আত্মহত্যা করেছে বলে প্রচার করে।’ তিনি বলেন, ‘ঘাতক আবদুল জলিল ইতিপূর্বে আরও তিনটি বিয়ে করেছিল। কিন্তু আগের সব বিয়ের কথা গোপন করে সে আমার মেয়েকে বিয়ে করে। রোজিনা প্রায়ই যৌতুকের টাকা চেয়ে আমাদের কাছে এসে কান্নাকাটি করত। আমার মেয়ের আড়াই বছরের একটি কন্যাসন্তান রয়েছে।’ মামলার তদন্তকারী কর্মকর্তা পরিদর্শক মাহবুবুর রহমান জানান, সোমবার সকাল আটটায় রানীনগর উপজেলার দামকুড়ি গ্রামের আবদুল জলিল যৌতুকের দাবিতে তাঁর স্ত্রী রোজিনা বিবিকে (২৫) পিটিয়ে হত্যা করেছেন মর্মে থানায় তাঁর মা লাইলি বিবি মামলা দায়ের করেন। পুলিশ জানায়, নিহত রোজিনার শরীরের বিভিন্ন জায়গায় অসংখ্য আঘাতের চিহ্ন ছিল এবং তাঁর নাক ও মুখ দিয়ে রক্ত বের হতে দেখা গেছে।