স্ত্রীকে পিটুনি, প্রাণ গেল কোলের শিশুর
স্ত্রীকে পেটানোর সময় স্বামীর লাঠির আঘাতে নিহত হয়েছে তাঁদের চার মাস বয়সী সন্তান। গতকাল সোমবার সকালে বাগেরহাটের শরণখোলা উপজেলার পশ্চিম রাজাপুর গ্রামে এই ঘটনা ঘটেছে। এ ঘটনায় শিশুটির বাবা রুবেল ফকিরকে (২৫) আটক করা হয়েছে। গৃহবধূ মাসুমাকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাসুমা জানান, প্রায় দুই বছর আগে রুবেলের সঙ্গে তাঁর বিয়ে হয়। তাঁদের প্রথম সন্তান সুমন ফকির। তাঁর স্বামী কখনো এলাকায় ভাড়ার মোটরসাইকেল চালান আবার কখনো চট্টগ্রামে পোশাক কারখানায় কাজ করেন। বিয়ের পর থেকে তাঁর শাশুড়ি শেফালী বেগম তাঁর মায়ের কাছে ৫০ হাজার টাকা দাবি করে আসছিলেন। মাসুমার দরিদ্র মায়ের টাকা জোগাড় করতে দেরি হচ্ছিল। এ অবস্থায় শেফালী সব সময় তাঁকে নির্যাতন করতেন। ছেলে রুবেলকে উসকে দিয়েও তাঁকে মারধর করাতেন।মাসুমা আরও জানান, গতকাল সকালে রুবেলের সঙ্গে তাঁর ঝগড়া হয়। এ সময় রুবেল দরজার ডাসা (দরজা আটকানোর বাতা) দিয়ে তাঁকে মারতে থাকেন। একটি আঘাত তাঁর কোলে থাকা ছেলে সুমনের মাথায় লাগে। এতে সুমন অচেতন হয়ে পড়ে। একপর্যায়ে স্বামী-স্ত্রী মিলে সুমনকে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা সুমনকে মৃত ঘোষণা করেন। এ সময় তাঁর স্বামী কিছু না বলে তাঁকে ফেলে রেখে সুমনের লাশ নিয়ে চলে যান।বাগেরহাট সদর নৌ-ফাঁড়ির এসআই মো. আসাদুজ্জামান জানান, বাগেরহাট বাস টার্মিনাল থেকে বেলা সাড়ে ১২টার দিকে রুবেলকে আটক করা হয়। এ সময় তাঁর হাত থেকে জ্যাকেট দিয়ে মোড়ানো অবস্থায় শিশুটির লাশ উদ্ধার করা হয়।