স্ত্রীকে পুড়িয়ে মারার অভিযোগে স্বামী গ্রেপ্তার
স্ত্রীকে পুড়িয়ে মারার অভিযোগে রাজশাহী মহানগরের ওয়াবদা কলাবাগান এলাকার শাহিনুর ইসলামকে গত শুক্রবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। শাহিনুরের স্ত্রী গৃহবধূ শাপলাকে হত্যার অভিযোগে তাঁর মা রোকেয়া বেগম শুক্রবার নগরের বোয়ালিয়া থানায় মামলা করেন। এর পর ওই রাতেই পুলিশ শাহিনুরকে গ্রেপ্তার করে।শাপলার বড় ভাই স্বপন জানান, ভগ্নিপতি শাহীনুরের সঙ্গে তাঁর এক খালাত বোনের পরকীয়া ছিল। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। ঘটনার দিন গত শুক্রবার বিকেলে শাহীনুর শাপলার (স্বপনের) মেজ ভাইয়ের স্ত্রী সাবিনাকে ফোন করে বলেন, আপনার ননদকে তালাক দিতে যাচ্ছি। আপনার স্বামী ও শাশুড়িকে এসে ওকে নিয়ে যেতে বলেন। তার কিছুক্ষণ পরই তারা আগুন লাগার খবর পান। হাসপাতালে নিয়ে যাওয়ার পর রাতেই শাপলার মৃত্যু হয়। তাঁদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসীম উদ্দিন বলেন, অভিযোগের ভিত্তিতে নিহত শাপলার স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে সাত দিনের রিমান্ডের আবেদন জানিয়ে রাজশাহী মহানগর হাকিম আদালতে পাঠানো হয়েছে।