স্ত্রীকে পুড়িয়ে মারার দায়ে স্বামীর যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে শেখ আসলাম (৪৭) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। জেলা ও দায়রা জজ (নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল) মো. বজলুর রহমান আজ মঙ্গলবার দুপুরে এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত শেখ আসলামের বাড়ি জেলার সদরপুর উপজেলার আকটেরচর গ্রামে।
আদালতের নথি থেকে জানা গেছে, শেখ আসলাম ২০০৭ সালের ১ মে তাঁর স্ত্রী মোকসেদাকে পুড়িয়ে হত্যা করেন। ঘটনার পরদিন মোকসেদার বাবা খালেক মোল্লা বাদী হয়ে শেখ আসলাম ও তাঁর বোন মেহেরুন্নেছাকে আসামি করে সদরপুর থানায় একটি হত্যা মামলা করেন।
মামলায় নির্দোষ প্রমাণিত হওয়ায় আদালত মেহেরুন্নেছাকে বেকসুর খালাস দিয়েছেন।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) মো. বাবু মোল্লা প্রথম আলোকে বলেন, এ হত্যা মামলার দুই আসামিই জামিনে ছিলেন। আজ রায় ঘোষণার দিন সকালে আসামি শেখ আসলাম তাঁর আইনজীবীর মাধ্যমে আদালতে হাজিরা দেন। কিন্তু রায় ঘোষণার সময় তাঁকে আর খুঁজে পাওয়া যায়নি।